করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ সফল করতে তৎপর বেলিয়াবেড়া থানার পুলিশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ মে: করোনা রুখতে রাজ্য সরকারের বিধিনিষেধ জারির পর থেকে সারা রাজ্যের করোনা সংক্রমণ যেখানে নিম্নমুখী সেখানে ঝাড়গ্ৰাম জেলায় সংক্রমণের হার এখনও সেভাবে কমেনি। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমিত হয়েছেন ১৭৮ জন। এই পরিস্থিতিতে সরকারের কার্যত বিধিনিষেধ সফল করতে তৎপরতা দেখা গেল পুলিশ প্রশাসনকে।

সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে ৯ নম্বর রাজ্য সড়কের উপর রান্টুয়া এবং যুগডিহা চকে হল পুলিশের নাকা চেকিং। এদিন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদি নিজে ও অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে রাস্তায় উপর দিয়ে যাতায়াত করা প্রতিটি গাড়িকে দাঁড়করিয়ে রাস্তায় বেরোনোর উপযুক্ত কারণ জানতে চান।দেখাতে বলা হয় ঝাড়গ্ৰাম জেলা পুলিশের লকডাউন কালের ই-পাস এর কাগজপত্র। কারণ কার্যত লকডাউনের সময় কোন প্রয়োজনে কোথাও যাতায়াত করার জন্য ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ই-পাসের ব্যবস্থা করেছে।

তবে এদিন রান্টুয়া এবং যুগডিহাতে পুলিশি নাকা চেকিংয়ে যারা রাস্তায় বেরোনোর সঠিক কারণ কিংবা পুলিশকে পাস দেখাতে পারেননি তাদের বাড়ি ফেরত পাঠায় বেলিয়াবেড়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সবাইকে করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন বেলিয়াবেড়া থানার পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *