পুরুলিয়ায় লকডাউন ভঙ্গকারীকে কান ধরে উঠবস করাল পুলিশ

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ সেপ্টেম্বর: লকডাউন ভঙ্গকারীর সংখ্যাটা কমলেও করোনা আবহে তা রয়েই গিয়েছে পুরুলিয়া জেলায়। নাছোড়বান্দা সেই সব ব্যক্তিদের বাগে আনতে তৎপর রয়েছে পুলিশ।

সোমবার, সাপ্তাহিক লকডাউন অব্যাহত পুরুলিয়াতেও। আর ছিল সকাল থেকে লকডাউন ভঙ্গকারীদের রাস্তায় যাতায়াত। সেইসব আইন ভঙ্গকারীদের রাস্তার মাঝে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করাল পুলিশ। কান ধরে উঠবস শারীরিক ভাবে তেমন কষ্ট না দিলেও লজ্জায় চোখ মুখ লাল হয়ে থাকা শাস্তি প্রাপকরা ‘এমনটা আর হবে না’ বলে পুলিশের কাছে প্রতিশ্রুতি দিলেন। আজ সকালে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন অনেকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় লকডাউন কার্যকর হওয়ার ছবি ফুটে ওঠে। এমনিতেই সাপ্তাহিক লকডাউনে কার্যত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন পুরুলিয়াবাসী। ইতিমধ্যেই জেলায় ১৬৬১ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য রয়েছে জেলা প্রশাসনের কাছে। সুস্থতার হার ৫০% এর সামান্য বেশি, রাজ্যের নিরিখে যা নিতান্তই কম। চারজন মারা গিয়েছেন এই রোগে আক্রান্ত হয়ে। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে প্রশাসন। অন্যদিকে, জীবন-জীবিকা হারানো মানুষগুলোর কাছে বাড়িতে আবদ্ধ রাখার মতো পরিস্থিতি আর নেই। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে যাওয়ায় এখন রোজনামচা হচ্ছে পুরুলিয়ায়।

এই দুই পরিস্থিতির মধ্যেই পুরুলিয়া জেলায় সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে কড়া হাতে মোকাবিলা করতে দেখা যায় পুলিশকে। আইন ভঙ্গকারীদের আটক করে পুলিশ। তবুও মঙ্গলবার, ফের চেনা ছবি দেখা যাবে পুরুলিয়া জেলার রাস্তাঘাট হাট-বাজার ও দোকানে। সামাজিক দূরত্ব কথা মাথায় না রেখেই চলাফেরা করবেন সাধারণ মানুষ। তবে, তাঁদের কানে ঝোলানো চোখমুখ না ঢাকা অবস্থায় দেখা যাবে মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *