সাথী দাস, পুরুলিয়া, ১৫ মার্চ: অযোধ্যা পাহাড়বাসীর অসহায়দের সহায় হল পুলিশ। পাহাড় থেকে বাসে পুরুলিয়া জেলা সদরে এনে প্রতিবন্ধীদের শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করলো পুলিশ। সরকারি সুযোগ সুবিধা থেকে এতদিন বঞ্চিত পাহাড়বাসীদের প্রতি পুলিশের এই উদ্যোগ আস্থা জোগাল।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উঁচুতে বসবাস করলেও সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিচু তলায় রয়েছেন অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং, সাহেবডি, অযোধ্যা, ছাতনি, মাতকুমডি প্রভৃতি জনপদের বাসিন্দারা। সম্প্রতি জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি উদ্যোগ নিয়ে জেলার ওই সমস্ত এক সময়ের মাও উপদ্রুত এলাকায় বিশেষ শিবির করেন। ওই এলাকার মানুষদের দৈনন্দিন জীবনের সমস্যার কথা লিপিবদ্ধ করেছেন জেলা প্রশাসনের কর্তারা। প্রান্তিক এলাকার মানুষজনদের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে এবং মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতেই জেলা পুলিশের ‘আস্থা’ নামক কর্মসূচি নিয়মিতভাবে করা হচ্ছে।”

বাঘমুণ্ডি, অযোধ্যা পাহাড় ও ঝালদার বেশকিছু অংশ যেখানে মাওবাদীদের একসময় দৌরাত্ম্য ছিল, সেই জায়গাতেও জনসংযোগমূলক শিবির করা হয়েছে৷ এছাড়াও কাঁটাডিতে বন্ধ হয়ে থাকা পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে জেলা পুলিশের তরফে৷ পাহাড়ের প্রতিবন্ধী মানুষ শংসাপত্র করে উঠতে পারেননি। সেই সব বঞ্চিতদের বাসে করে এনে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করলো পুলিশ।


