সাথী দাস, পুরুলিয়া, ২৮ এপ্রিল: পথচারী ও সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতিতে সচেতন করে তুলতে বিশেষ অভিযান শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ। আজ পুরুলিয়া শহরে ওই অভিযানে দেখা গেল পুলিশ আধিকারিকদেরও পথে নামতে। ফেস মাস্ক না পরলেই মিলেছে রাস্তার উপর শাস্তি। নাছোড়বান্দা পথচারীদের আটক করল পুলিশ। মহিলা ও প্রবীণদের সতর্ক করে মাস্ক তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুরুলিয়ার বিভিন্ন বাজার, মার্কেট কমপ্লেক্স ও দোকানে ঢুকে ক্রেতা বিক্রেতাদের সচেতন থাকার পরামর্শ দিল প্রথম সারির করোনা যোদ্ধা এই উর্দিধারীরা।
এদিন অভিযানে পুলিশ বিনা মাস্কের বেশ কয়েকজন যুবককে আটক করে তাঁদের সচেতন করতে রাস্তার মাঝে পুস-আপ করায়। পুলিশের এই অভিনব ‘করোনা সচেতনতা’-কে প্রশংসা করেছেন সচেতন শহরবাসী।

প্রসঙ্গত, জেলায় দিন দিন রেকর্ড মাত্রায় করোনা সংক্ৰমনের ঘটনা ঘটছে। এই অবস্থায় করোনা বিধি মেনে সংক্ৰমন রোখা এখন প্রশাসনের লক্ষ্য। গত কয়েকদিনে সেই বিষয়ে জেলা প্রশাসন বার বার করোনা বিধি মেনে বাড়ির বাইরে মাস্ক পরার অনুরোধ জানিয়ে এলেও এখনও এক শ্রেণির মানুষ তা মানতে চাননি। এই অবস্থায় পুলিশের এই অভিনব নজর কাড়া অভিযানে আগামী দিনে সাধারণ মানুষ কতটা সচেতন হয় তা সময়ই বলবে।
অন্যদিকে, করোনার প্রকোপ রুখতে এবং জনসচেতনতা গড়ে তুলতে আদ্রা ডিভিশনের অন্তর্গত বরাভূম স্টেশনে একটি সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করল চান্ডিল থানার আরপিএফ। এদিন বরাভূম স্টেশনের সামনে শিবির করে রেল যাত্রীদের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেয় রেল পুলিশ। ট্রেনে চাপার আগে প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে যাত্রীদের সতর্ক করা হয়।


