স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মে: আইনকে অমান্য করেই বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিকদের উদ্যোগে বিয়ে বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটে নদিয়ার চাকদা থানার অন্তর্গত কুমারপুর গ্রামে।
আজ সকাল থেকেই তোড়জোড় শুরু হয় বিয়ের অনুষ্ঠানের। আয়োজন করেন ছেলে ও মেয়ের পরিবার। জানা গেছে, ছেলে ও মেয়ের দুইজনেরই বিয়ের বয়স হয়নি। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুরো ঘটনাটি পুলিশ প্রশাসন ও ব্লক অফিসারকে জানান। এর পরই নড়েচড়ে বসে প্রশাসন।

ঘটনাস্থলে যান চাকদা থানার পুলিশ ও ব্লক অফিসার। ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন তারা। শেষ পর্যন্ত দুটি পরিবারকে বুঝিয়ে এবং মুচলেকা লিখিয়ে নেন যে তারা নাবালিকার ১৮ বছর এবং নাবালকের ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। এমনই মর্মে দুই পরিবার লিখিত স্বাক্ষর করে পুলিশ ও ব্লক প্রশাসনের সামনে।

