সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ আগস্ট: উত্তর ২৪ পরগনার অশোকনগরের দুই যুবকের পাশাপাশি আফগানিস্তানে বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়েছেন বনগাঁ মহকুমার ৪ যুবক ও বারসতের একজন। গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনজনের নাম জয়ন্ত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস, পলাশ সরকার। এদের বাড়ি রাম শঙ্করপুরে। চতুর্থজনের নাম প্রবীর সরকার তাঁর বাড়ি রঘুনাথপুরে। বারাসতের যুবক শুভঙ্কর তালুকদার।
পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁরা হোটেলের কাজে কাবুলে গিয়েছিলেন। দিন কয়েক আগে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। তারপর থেকেই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ তাঁরা আফগানিস্তানে আটকে পরা তাঁদের পরিবারের সদস্যদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। এদিন সন্ধেয় এই চার যুবকের খবর পেয়ে তাঁদের বাড়িতে যান গোপালনগর থানার পুলিশ আধিকারিক চিন্তামণি নস্কর ও পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা। নিশীথ বালা বলেন, ‘কাবুলে ভারতীয় বিমান পাওয়া যাচ্ছে না বলে ওরা আটকে আছে।’ মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের কাছে গ্রামের ছেলেদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।
পাশাপাশি আফগানিস্তানে কাজে গিয়ে আটকে পড়েছে বারাসেত ন’পাড়ার বাসিন্দা শুভঙ্কর তালুকদার। পরিবার দুশ্চিন্তায় থাকলেও ছেলের সাথে কথা হওয়ায় কিছুটা দুশ্চিন্তামুক্ত। কর্মক্ষেত্রে তার আফগানিস্তানে যাওয়া, আর তারপরেই এই দুর্ঘটনা। বাবা স্বপন তালুকদার জানান, তার সাথে বুধবার সন্ধ্যায় কথা হয়েছে ছেলে শুভঙ্কের সঙ্গে। সে নিরাপদে আছে বিমান যোগাযোগ পাওয়া যাচ্ছে না বলে ভারতে ফেরার কোনও সঠিক দিন বলতে পারছে না। তবে প্লেন পেলেই শুভঙ্কর বাড়ি ফিরতে পারবে। একসাথে তারা ৫০ থেকে ৬০ জন আছে। যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। দেশের প্রধানমন্ত্রীর পরে অগাধ বিশ্বাস স্বপনবাবুর। ছেলে আমেরিকান কোম্পানিতে কাজ করে। চার মাস হল শুভঙ্কর গেছে আফগানিস্তানে। আর তারপরই এই ঘটনা। মা ভেঙে পড়েছে, ছেলে যতক্ষণ না ফিরছে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তবে বাবা- মার এই টুকুই শান্তি যে ছেলে নিরাপদে আছে।

