আমাদের ভারত, ১৭ মে: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের জলাশয় যে শিবলিঙ্গ পাওয়া গেছে সেই জায়গাটিকে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের আদালত। এবার দেশের শীর্ষ আদালতও সেই এলাকা সিল করে দেওয়ার কথা জানালো। কিন্তু একইসঙ্গে শীর্ষ আদালত এটাও জানিয়েছে মসজিদের নমাজ বন্ধ করা যাবে না।
জানা গেছে, মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যেখানে শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল সেই স্থানটি সিল করে রাখতে হবে। সেইসঙ্গে শীর্ষ আদালত জেলাশাসককে নির্দেশ দিয়েছে যেন কাউকে সেখানে প্রবেশ করতে না দেওয়া হয়। একইসঙ্গে মসজিদের নমাজ ও অন্যান্য ধর্মীয় আচরণ বন্ধ করা যাবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে কোনোভাবেই মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করতে দেওয়া যাবে না।
আদালতের নির্দেশেই বারানসীর জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি হয়েছে। সেই ভিডিওগ্রাফিতে দেখা যায় মসজিদের অন্দরের জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা অজু করেন সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সেই তথ্য আদালতে জানান আইনজীবী বিষ্ণু জৈন। এরপরেই ওই জায়গাটি সিল করে দেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত।
এই পরিস্থিতিতে সুপ্রিমকোর্টে মুসলিমদের তরফে প্রশ্ন তোলা হয় কি করে নিম্ন আদালত এই নির্দেশ দিতে পারে? যেখানে এখনও কমিটি চূড়ান্ত রিপোর্ট জমা দেয়নি। মঙ্গলবার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।
এদিকে বারানসি আদালত ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত এক আধিকারিককে বরখাস্ত করেছে। অজয় মিশ্র নামে কমিশনারের বিরুদ্ধে প্রশ্ন ওঠে রিপোর্ট জমা পড়ার আগেই তার তথ্য সংবাদমাধ্যমের কাছে কিভাবে পৌঁছেছে? পাশাপাশি রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও দু’দিন সময় দেওয়া হয়েছে ভিডিওগ্রাফি দলকে।

