আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: স্লোগান দিয়ে দেশবাসীকে বোকা বানানো যাবে না। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রাকে এভাবেই কটাক্ষ করেছে পদ্ম শিবির। বিজেপির মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সাল থেকে দেশের নানা প্রান্তে উন্নয়ন করেছেন, কিন্তু নিজেদের সময় দেশের সমস্ত রকম দুর্নীতি চালিয়ে গিয়েছে কংগ্রেস সরকার। তাই এখন ন্যায় যাত্রা শুরু করতে হচ্ছে তাদের।
কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি থেকে শুরু করে বিজেপির জাতীয় মুখপাত্র নলিন কোহলি, এক বাক্যে সকলোই তোপ দেগেছেন রাহুলের ন্যায় যাত্রাকে। ভারত জোড়ো যাত্রার পর বুধবারে ভারত ন্যায় যাত্রা ঘোষণা করেছে রাহুল গান্ধী। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে সেই যাত্রা। শেষ হবে ২০ মার্চ। ৬৫ দিনের এই যাত্রায় রাহুল মোট ৬২০০ কিলোমিটার পথ পার হবেন। যার মধ্যে পড়বে ১৪টি রাজ্য, ৮৫টি জেলা।
জানা যাচ্ছে, মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল গান্ধী।
তবে ভারত জোড়ো যাত্রার মত পায়ে হেঁটে নয়, বাসে চেপে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই যাত্রা। আর এই কর্মসূচি ঘোষণার পরে রাহুলকে খোঁচা দিয়েছে বিজেপি। দলের নেতা নলিন কোহলি বলেছেন, ২০১৪ সাল থেকে দেশে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত জায়গায় যেনো জনকল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়া যায়, সেটা নিশ্চিত করেছেন তিনি। কারণ প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তাই এইসব স্লোগান দিলেও কোনো লাভ হবে না। মীনাক্ষী লেখির মতে, বহু দশক ধরে ক্ষমতায় থেকে আসলে দেশে সমস্ত রকম দুর্নীতি চালিয়েছে কংগ্রেস। আর এখন এই ন্যায় যাত্রা করে মানুষকে বোকা বানানো যাবে না।

