খেলা শুরু অনুব্রত মণ্ডলের, হন্যে হয়ে খুঁজছে কমিশনের লোকজন

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৮ এপ্রিল: খেলা শুরু করলেন অনুব্রত মণ্ডল। নজরবন্দি অনুব্রত মণ্ডলকে নজরে হারালেন কমিশনের লোকজন। ভোটের আগের দিন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে নয়, খেলতে শুরু করেছেন কমিশনের সঙ্গে।

মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে অনুব্রতকে নজরবন্দির নির্দেশ দেয় কমিশন। ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত তাঁর নজরবন্দি থাকার কথা। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় অনুব্রতর বোলপুরের অফিসের সামনে পৌঁছে যান একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার। সঙ্গে রয়েছেন ৮ সেনা জওয়ান। এদিন সাত সকালে কমিশনের লোকজন এবং সেনা জওয়ানরা বাড়ির সামনে হাজির হয়েছিলেন। সকাল সাড়ে ১০ টার সময় বাড়ির নিচে নামেন অনুব্রত মণ্ডল। কিন্তু তারপর আর খোঁজ মেলেনি। পিছনের দরজা দিয়ে বেরিয়ে নানুর, লাভপুর হয়ে সাঁইথিয়ায় পৌঁছয়। সাঁইথিয়ার ওল্ড কান্দি রোডে একটি বেসরকারি লজে মিনিট পাঁচেক কর্মীদের সঙ্গে মিলিত হন। উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার প্রার্থী নীলাবতি সাহা, চেয়ারম্যান বাপি দত্ত সহ অনেকে। এদিন অনুব্রত মণ্ডলের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে। এখন পর্যন্ত খবর অনুব্রত মল্লারপুর, তারাপীঠ, মুরারই। নলহাটি, রামপুরহাট হয়ে রাতে বোলপুরে পৌঁছবেন। তবে এদিন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি অনুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *