তাঁদের বদনাম করার জন্য নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাজা দেবেন, বললেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, কাঁথি, ২৪ মার্চ: নন্দীগ্রামের মানুষ মুখ্যমন্ত্রীকে সাজা দেবে। কারণ নন্দীগ্রামের মানুষ মুখ্যমন্ত্রীকে অনেক কিছু দিয়েছে। আজ সেই নন্দীগ্রামের বদনাম করছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের মানুষ এই অপমান সহ্য করবে না। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নির্বাচনী জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী।

এই জনসভায় তিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পাওয়ার ঘটনার সরাসরি উল্লেখ না করেই তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, কিছু মানুষ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বিভিন্ন জায়গায় প্রচারে তিনি বলছেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। তৃণমূলের নেতারাও প্রচারে বলছেন, দেশের একমাত্র প্রতিবাদী কন্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে খুনের চক্রান্ত করা হয়েছিল।

আজ সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার উল্লেখ না করেই প্রধানমন্ত্রী বলেন, নন্দীগ্রামের মানুষ আপনাকে অনেক কিছু দিয়েছে। আজ সেই নন্দীগ্রামের বদনাম করছেন আপনি? তিনি বলেন, বাংলার লোক উনার খেলা বুঝে গেছে আর তাই এখন নন্দীগ্রাম গিয়ে মিথ্যা কথা বলছেন। তিনি নন্দীগ্রামের মানুষের বদনাম করছেন। প্রধানমন্ত্রী বলেন, নন্দীগ্রামের মানুষকে আজ বদনামের ভাগি করছেন। সারাদেশের কাছে তাদের অসম্মান করেছেন। তাই আগামী ভোটে নন্দীগ্রামের মানুষ তাঁকে সাজা দেবেন। তিনি বলেন, আমি এই জনসভায় আপনাদের চোখ দেখেই ২ মে’র ভোটের ফলাফল দেখতে পাচ্ছি। তৃণমূলের খেলা শেষ। দিদি আপনি খেলেন, আর আমরা সেবা করব। খেলা নয়, সেবা হবে। বিজেপির একটাই মন্ত্র, গরিবের রোজগার, গরিবের বাড়ি, গরিবের সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *