জে মাহাতো, মেদিনীপু, ১১ মার্চ:
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার কয়েকদিন পরে ডেবরায় এলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষl পরে এসেও তাঁর আত্মবিশ্বাস ঋজু। বিপক্ষের অর্থাৎ তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর যখন প্রচার শুরু করে দিয়েছেন এমন কী মনোনয়নপত্রও জমা দিয়েছেন তখন কি তিনি পিছিয়ে পড়লেন কিছুটা? এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ জানালেন, ‘চারহাজার ভোটে এগিয়ে থেকে প্রচার শুরু করেছি, তাকে ২৪হাজার করতে কতক্ষণ?
যদিও পরক্ষণেই তিনি বলেন, এর জন্য আত্মসন্তুষ্টির কোনও কারন নেই। আমরা শুধু আমাদের অবস্থানটা জানালাম। ডেবরা কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একসময়ের তাঁর ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে প্রার্থী করেছেন তাঁর আরএক ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকেl হুমায়ুন কবীর এক সপ্তাহ আগে থেকেই প্রচার শুরু করেছেনl ভারতী ঘোষ জানান, গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের প্রার্থী হিসেবে ‘ডেবরার মানুষ দেড় বছর আগেই আমাকে জিতিয়ে রেখেছেন। তাঁদের সেই আস্থার ওপর ভিত্তি করেই লড়াই করছিl তাই পিছিয়ে প্রচার শুরু করেছি বলে মনে করি না।”
ভারতী ঘোষ বুধবার সন্ধ্যায় ডেবরায় এসে পৌঁছানl গাড়ি থেকে নামতেই তাঁকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেন কর্মীরা। মহিলা কর্মীদের উচ্ছাস ছিল বেশি। তারাই ভারতী ঘোষকে বরণ করে নিয়ে যান কর্মিসভায়। তবে, ভারতী ঘোষ চার হাজার ভোটে এগিয়ে রয়েছি বললেও ডেবরার বিজেপি নেতারা অবশ্য বলছেন সংখ্যাটা চার নয়, ১৪ হাজারে এগিয়ে রয়েছে দল। তাঁদের যুক্তি ২০১৬ সালে এই বিধানসভায় তৃণমূল প্রর্থী জয়ী হয়েছিলেন প্রায় ১০ হাজার ভোটে। ২০১৯ এর লোকসভায় ডেবরা কেন্দ্রে দল সেই ব্যবধান ঘুচিয়ে ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিল। অর্থাৎ তৃণমূলের চেয়ে ১৪হাজার ভোট বেশি পেয়েছে।
ভারতী ঘোষ সাংবাদিকদের বলেন, “আমি বলছি না, তৃণমূল থেকে আগত নেতাই বলছেন কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল যদি ১লক্ষ ৮ হাজার ভোট লুট না করত তাহলে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হতেন ভারতী ঘোষ। এরপর আমার কী বলার থাকতে পারে?”
ডেবরা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে তৃনমূল সুপ্রিমো প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে প্রার্থী করায় লড়াইটা কি তাহলে জোরালো হচ্ছে? প্রশ্নের উত্তরে ভারতী ঘোষ জানান, ‘তৃণমূলের হয়ে যিনি মাঠে নামছেন তিনি দুর্নীতি, সন্ত্রাস আর কাটমানির প্রতীক। তিনি নামে-বেনামে প্রচুর সম্পত্তির মালিক। ডেবরাতে তিনি বিয়ে করেছিলেন কিন্তু তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়েছেনl সুতরাং সেখানকার লোকেরা তাকে কেন ভোট দেবে? তিনি আইপিএস ছিলেন নাকি ডব্লিউবিসিএস ছিলেন তাতে কী এসে যায়?”
ভারতী ঘোষ বলেন, আমাকে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছেl গত লোকসভা নির্বাচনের সময় আমি কেন্দ্রীয়় নিরাপত্তা বাহিনীী নিয়ে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে কেশপুরেে নির্বাচনী প্রচারে গিয়ে ছিলামl সেই সময় তৃণমূল দুষ্কৃতীরা গন্ডগোল করেl তখন রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে একটিি মামলা করে এবং সেই মামলার সমন লুকিয়ে রাখেl এখন ডেবরা কেন্দ্রে আমি প্রার্থী হওয়ায় সেই লুকিয়ে রাখা সমন বের করে আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়l
কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আমাকে অনেক ষড়যন্ত্রের পরেও গ্রেপ্তার করতে পারেনিl আসলে তৃণমূল হারবে বলেই এসব চক্রান্ত্ত করছেl বুধবার সন্ধ্যায় ডেবরা বাজারের একটি অতিথি নিবাসে কর্মীদের নিয়ে আলোচনায় বসেন ভারতী ঘোষ। সেখানেই ঠিক হয় আগামী দিনে কিভাবে প্রচার কর্মসূচি নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন তিনি এবং তার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন। একটানা প্রচারের জন্য ডেবরাতে তিনি একটি বাড়ি ভাড়া নিয়েছেন বলে ভারতী ঘোষ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কিভাবে কি ঘটনা ঘটেছে তা বলতে পারব নাl তবে তিনি সুস্থ হয়ে উঠুনl তাঁর নিরাপত্তায় যে এস এস ডাব্লিউ কর্মীরা থাকেন তাদের কি গাফিলতি ছিল তা খতিয়ে দেখে পুলিশ মন্ত্রী হিসেবে তাদের শাস্তির ব্যবস্থা তিনি করুনl সঠিকভাবে তদন্ত করলেই তা বেরিয়ে আসবেl

