জে মাহাতো, মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি:
তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছেন বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবেন বলে বৃহস্পতিবার দাঁতন গ্রামের জনসভায় বললেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। দাঁতন দু নম্বর ব্লকের জাহালদায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি আইন বাতিলের দাবি ও বিজেপির সন্ত্রাসের অভিযোগে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান বক্তা ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়l
জাহালদা এলাকায় দিদির দুত হিসাবে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, খেলা হবে কিন্তু তা নিয়ে একশ্রেণির সংবাদমাধ্যম মানুষকে ভুল বোঝাচ্ছে। খেলা লাঠি কিংবা হাতাহাতি করে হবে নাl মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার নাম হল খেলা। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, রূপশ্রী যুবশ্রী সহ যে ৬৪টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নে চালু করেছে সেই ৬৪টি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো আসল খেলা। সেই খেলা হবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। তাই আমরা লাঠি নিয়ে নয়, হাতাহাতি করে নয়, আমরা খেলব উন্নয়নকে সামনে রেখে।
তিনি বলেন, যারা দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন তারা বেইমান। এই বেইমানদের মানুষ উপযুক্ত জবাব দেবে। এরা তৃণমূল ছেড়ে চলে যাওয়ায় তৃণমূলের কোনও ক্ষতি হবে না। তৃণমূল কংগ্রেস ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০ টির বেশি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে প্রত্যাখ্যান করবেl কারণ বাংলার মানুষ শান্তি ও উন্নয়ন চান। দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনেকেই দলে থেকে দলের খেয়ে বড় হয়েছেন, তারা এখন দল থেকে বেরিয়ে গিয়ে দলের বিরুদ্ধে কুৎসা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিকভাবে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এবং উপযুক্ত জবাব দেবে। এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে সকলকে তিনি প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার ডাক দেন। হাওড়ার সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা ভয় করবেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এবং বিজেপিকে প্রত্যাখ্যান করবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, জেলা তৃণমূল নেতা শৈবাল গিরি, দুর্গেশ নন্দ, প্রদীপ পাত্র সহ আরো অনেকে।

