মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি প্রকল্পে উপকৃত বঙ্গবাসী, সেই কারনেই তাঁকে আহত করছে, হেনস্থা করছে বিজেপি, বললেন নির্মল ঘোষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মার্চ:
“দরিদ্রের মুশকিল আসান হবে মমতার হাত ধরেই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে দরিদ্র মানুষের দারিদ্রত বাংলায় থাকবে না। সাধারণ মানুষ খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন পাবেন। রাস্তা, ঘাট, আলো, শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় থাকবে। সেই কারনেই ঈর্ষা বিজেপি সহ অন্য বিরোধী দলগুলোর। উন্নয়নে মমতার সঙ্গে ওরা কোনও ভাবেই জিততে পারছে না। মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি প্রকল্পে উপকৃত বঙ্গবাসী, সেই কারনেই আজ মুখ্যমন্ত্রীকে আহত করছে, হেনস্থা করছে বিজেপি” – বললেন রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদায়ী মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ।

মঙ্গলবার সকাল সকাল তিনি প্রচার শুরু করেন পানিহাটি হাসপাতাল রোড এলাকায়। মানুষের বাড়ি বাড়ি পাড়ার দোকানে গিয়ে জন সংযোগ রক্ষা করেন নির্মল ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে মানুষের খাদ্যসাথী প্রকল্প সারাজীবন চলবে। উন্নয়ন থেমে থাকবে না। বাংলার মানুষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, ঘরের মেয়েকে চায়। এটাই আমাদের শ্লোগান, বাংলার মানুষ ফের মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রীর আসনে বসাবে।”

এই নিয়ে পঞ্চমবার বিধায়ক হওয়ার লড়াইয়ে নেমেছেন নির্মল ঘোষ। পানিহাটি বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিরোধীদল বিজেপি বা সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হওয়ায় বলাই বাহুল্য প্রচারে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। গত ১০ বছরে পানিহাটির বুকে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে যে উন্নয়ন মূলক কাজ হয়েছে তার নিরিখে পানিহাটির মানুষ তৃণমূল কংগ্রেসকে ফের জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে বলেই বিশ্বাস নির্মল ঘোষের। তিনি জানিয়েছেন, “আগামীদিনে পানিহাটিতে একটি ক্রীড়া স্টেডিয়াম এবং একটি মহিলা কলেজ গড়তে চাই, ইতিমধ্যে পরিকল্পনা করা আছে আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *