স্ত্রী কালীপ্রতিমার ভাসানে যেতে চাওয়ায় হাতুড়ি দিয়ে স্বামী যা করল, তাতে শিউরে উঠল বারুইপুরের লোকজন

আমাদের ভারত, বারুইপুর, ২৯ অক্টোবর: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি এলাকায়। নিহতের নাম সুপর্ণা হালদার(৪০)। ঘটনায় অভিযুক্তের নাম কমল হালদার। ঘটনার পর থেকেই পলাতক কমল। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। মাঝেমধ্যেই অশান্তির কারণে সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন। আবার ফিরে এসে সংসার করতেন। কিন্তু এই ঘটনা ঘটে যাবে কেউ ভেবে উঠতে পারেননি। শুক্রবার রাতে পাড়ার কালী ঠাকুর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাঁকে যেতে বাধা দেয় কমল। কিন্তু জোর করে সুপর্ণা সেখানে যেতে চাইলে তাঁকে হাতুড়ির আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ স্থানীয়দের এবং সুপর্ণার ছেলে সোমনাথের। বাবা’ই মাকে খুন করেছে বলে জানিয়েছে সোমনাথ। সোমনাথ বলে, “ মা কে বাবা’ই খুন করেছে। মা ঠাকুর ভাসানে যেতে চাইছিল, এই নিয়েই বাবার সাথে অশান্তি শুরু হয়। বাবা মাকে ভাসানে যেতে দিতে রাজি ছিল না। নানা খুঁটিনাটি বিষয়ে বাবা মায়ের মধ্যে অশান্তি ছিল। বাবাই খুন করেছে।”

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পলাতক কমল হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *