ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের পাশ থেকে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি করে হাস্পাতাল থেকে রোগী উধাও হয়ে গেল এবং এভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল তা নিয়ে হাসপাতালের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।

জানাগেছে, ডেবরার জালিমান্দা পঞ্চায়েত এলাকার খামারা গ্রামের এক যুবক বুধবার জ্বর ও পেট ব্যথা সহ বেশ কিছু উপসর্গ নিয়ে ওই হাসপাতলে ভর্তি হয়। বৃহস্পতিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার রাতে হাসপাতাল থেকে ৫০০ মিটার দূরে একটি ঝোপের মধ্যে হাতে সেলাইনের চ্যানেল লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ডেবরা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, বছর তিরিশের ওই যুবকের নাম চন্দ্রকান্ত সিং। যুবক নিখোঁজ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার বাড়ির লোকজনদের বিষয়টি জানান। পরে তার কয়েকজন আত্মীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *