পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৬ জুন: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বহু তৃণমূল নেতা। রবিবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা থেকে তাদের মধ্যে ৭ জনকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করল তৃণমূল।
এদিন দাসপুরের বকুলতলায় দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলের সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, তৃণমূল নেত্রী তথা বিধায়ক শিউলি সাহা, বিধায়ক মমতা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানেই সাংগঠনিক জেলার সভাপতি ওই বহিষ্কারের বিষয়টি ঘোষণা করেন। আশিসবাবু বলেন, দলের পদাধিকারী থাকা সত্ত্বেও অনেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীদের জেতানোর কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা দলের কথা রাখেননি। তাই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো তাঁদের দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল।
আশিসবাবু এদিন সাসপেনশনের তালিকায় থাকা ৭ জনের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন ডেবরা ব্লকের প্রাক্তন সভাপতি তথা বিগত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মাণ্ডি, বিগত পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া প্রামাণিক, দাসপুর ২ ব্লকে অর্পিতা কাণ্ডার, সন্দীপ পোড়িয়া, শুভাশিস নায়েক এবং মৃত্যুঞ্জয় শাসমল।
তিনি আরও বলেন, আমাদের সাংগঠনিক জেলার আটটি ব্লকে আরও অনেকে রয়েছেন। তাঁদের নামগুলোও তালিকাভুক্ত করা হচ্ছে। তাদেরও সাসপেন্ড করা হবে। তাঁদের নামগুলো সাংবাদিক সম্মেলন করে দু’একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

