আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ এপ্রিল: হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে জলপাইগুড়ির মাসকালাইবাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন না হলেও মন্দিরে বাইরে অপ্রীতিকর ঘটনা রুখতে কোতোয়ালি থানার পুলিশ ও রাস্তায় পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই মন্দিরের প্রতিষ্ঠা কতদিন আগে হয়েছিল তা কারও জানা নেই। তবে বহু পুরোনো এই মন্দিরের নাম ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গ জুড়ে। শহরের পাশাপাশি ভিন্ জেলা থেকেও ভক্তরা বিশেষ দিনে পুজো দিতে আসলেন। মন্দির কমিটির দাবি, ৩ এপ্রিল কলস যাত্রা ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস পুজো শুরু হয়। এরপর ৪ এপ্রিল নাম সংকীর্তন ও ৫ এপ্রিল শান্তি মহাযজ্ঞ হয়।

আজ হনুমান জয়ন্তী বাৎসরিক অনুষ্ঠান হয়। এ দিন হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের কর্মসূচি চলছে। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে। এ বছর ৬ এপ্রিল বৃহস্পতিবার সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি শহরেরও হনুমান জয়ন্তী পালিত হল।

পঞ্চমুখী হনুমান মন্দিরের পাশাপাশি কদমতলা ও দিনবাজারের হনুমান মন্দিরে চলছে পুজো। শহরের মাসকালাইবাড়ি’র পঞ্চমুখী হনুমান মন্দিরের সম্পাদক প্রদীপ বসাক বলেন, “আমি ১৪ বছর ধরে মন্দিরের সঙ্গে যুক্ত। ডুয়ার্স সহ শিলিগুড়ির ভক্তরা মন্দিরে আসেন। চার দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। করোনা সময় দুই বছর বন্ধ ছিল অনুষ্ঠান। এবছর বড় করে পালন করা হচ্ছে হনুমান জয়ন্তী। শুনেছিলাম কেন্দ্রীয় বাহিনী থাকবে তবে এখনো তো দেখিনি।”

