আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ ফেব্রুয়ারি:
করোনা ভয় কাটিয়ে জমে উঠেছে উত্তর ২৪ পরগনার পলতা বইমেলা। সরস্বতী পুজোর সন্ধ্যায় জমজমাট দ্বিতীয় বছরের পলতা বইমেলা।
পলতার ইউনাইটেড ক্লাবের মাঠে চলছে বইমেলা। ছোট, বড়, নামী প্রকাশক সংস্থা অংশ নিয়েছে এই বই মেলাতে। মোট ২৭টি বইয়ের স্টল এবং ২৮টি বাণিজ্যিক স্টল রয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলতা বইমেলা কমিটি ওই দিনটিকেই বেছে নিয়েছে সমাপ্তি ঘোষণার দিন হিসেবে।

বর্তমানে আনলক সময় চলছে। বাংলায় করোনা সংক্রমণ ক্রমশঃ শূন্যে পৌঁছতে চলেছে। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে করোনা সতর্কতা মেনে ধীরে ধীরে স্বাভাবিক জীবন যাত্রায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে সমাজকে। মানুষও বর্তমানে যথেষ্ট সচেতন। সব মিলিয়ে করোনা ভয় কাটিয়ে উত্তর ২৪ পরগনা জেলার পলতা বইমেলা বই প্রেমীদের মেলা মুখী করেছে।
পলতা বইমেলা কমিটির সম্পাদক কৃষ্ণ বর্মন বললেন, “করোনা ভয় কাটিয়ে উঠেছে সাধারন মানুষ। বইমেলায় ভালো ভিড় হচ্ছে, মানুষ বই কিনছে, মেলায় স্টল দেওয়া প্রকাশকরা ভীষণ খুশি।” পলতা বইমেলা কমিটির অপর উদ্যোক্তা সহ সভাপতি আশীষ চক্রবর্ত্তী বললেন, “এই করোনা আবহে বইমেলা সফল হবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল আমাদের। তবে আজকে সরস্বতী পুজোর সন্ধ্যায় বইমেলার ভিড় দেখে মনে হচ্ছে বই প্রেমীরা এই মেলার জন্য অপেক্ষা করছিলেন। মেলায় শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য নানা স্বাদের বই আছে। সকলে বই মেলায় আসছে বই কিনছে, খাওয়া দাওয়া করছে। প্রশাসন আমাদের মেলা করার অনুমতি দেওয়ায় আমরা খুশি।”

পলতা বইমেলায় শুধু কি বইয়ের স্টল, পাশাপাশি আছে পিঠে ও পুলির স্টল, আচারের স্টল, চা ও কফির স্টল, ভিন্ন স্বাদের খাবারের স্টল। করোনা ভয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে সব মিলিয়ে জমজমাট উত্তর ২৪ পরগনা জেলার পলতা বইমেলা।

