আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা ৮ মে: করোনা রোগীদের অক্সিজেনের অভাব মেটাতে এবার অক্সিজেন প্ল্যান্ট বসানোর ব্যবস্থা করা হচ্ছে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। এই অক্সিজেন প্ল্যান্ট থেকে দিনে ৫০০ লিটার (প্রতি মিনিট) হিসাবে অক্সিজেন উৎপন্ন হবে। করোনা রোগীদের কাছে খুব সহজে অক্সিজেন পৌঁছনোর জন্য যে কটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলাতে ৯ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর কথা বলা হয়েছে। এই ৯ টির মধ্যে ১ টি অক্সিজেন প্ল্যান্ট অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে বসানোর কাজ শুরু হতে চলেছে।
আগামী ১৫ দিনে মধ্যেই এই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ সমপন্ন হবে বলে জানিয়েছেন অশোকনগর বিধানসভার নব নির্বাচিত বিধায়ক নারায়ণ গোস্বামী। জেলার করোনা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। সেই হাসপালে অক্সিজেন প্লান্ট বসানোর ফলে চিকিৎসক এবং রোগীদের খুবই উপকার হবে বলে মনে করছেন নারায়ণ গোস্বামী। তিনি এই বিষয়ে সাংবাদিকদের বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর নির্দেশ দিয়েছেন, যেহেতু এই হাসপাতাল বর্তমানে করোনা হাসপাতালে পরিণত হয়েছে তাই এখানকার করোনা আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ দিন সময় লাগবে এই প্ল্যান্ট তৈরী হতে।”

