মেদিনীপুরে বাসের ভাড়া বাড়াতে সাত দিন সময় দিল মালিকরা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুলাই: বাসের ভাড়া না বাড়ালে বেসরকারি বাস চালানো সম্ভব নয় বলে বাস ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে। মেদিনীপুর শহরে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র নেতৃত্ব একটি বৈঠক করেন। সেখানেই অ্যাসোসিয়েশনের সভাপতি মৃগাঙ্ক মাইতি স্পষ্ট জানিয়েছেন, বাসের ভাড়া সাত দিনের মধ্যে না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। ৫০% যাত্রী নিয়ে ১লা জুলাই থেকে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় বেসরকারি বাস চলছে না।

মালিকদের বক্তব্য, প্রায় সেঞ্চুরি ছুঁয়েছে ডিজেলের দাম। এই অবস্থায় ৫০% যাত্রী নিয়ে বাস চালানো কোনও মতেই সম্ভব নয়। এতে বাস চালানোর খরচ পর্যন্ত উঠবে না এবং বিরাট ক্ষতির মুখে পড়তে হবে মালিকদের। মৃগাঙ্ক বাবু জানিয়েছেন, করোনা পরিস্থিতির আগে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে দুইশত বাস ছাড়া হত। আজ মাত্র দূরপাল্লার দুটি বাস ছেড়েছে। এই অবস্থায় কেউ কেউ বাস চালাতে চাইলে অবশ্য চালাতে পারেন। তবে এখন ভাড়া না বাড়ালে আর বাস চালানো সম্ভব নয়। বিশেষ করে ৫০% যাত্রী নিয়ে তো নয়ই। তাই সরকারকে সাতদিন সময় দেওয়া হয়েছে।

আইএনটিটিইউসি’র জেলা সভাপতি পার্থ সারথি ঘনা বলেন, ভাড়া না বাড়ালে বেসরকারি বাস মালিকরা বাস চালাবে না বলে জানিয়েছে। তবে এই করোনা পরিস্থিতিতে সরকার ভাড়া বাড়ানোর পক্ষে সায় দেবে বলে মনে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *