পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: পঞ্চায়েত নির্বাচনের পরিকাঠামো ও প্রস্তুতির বিরোধীদের তোলা অভাব অভিযোগকে নস্যাৎ করে দিয়ে প্রথম দিন শান্তিতেই জেলার সর্বত্র মনোনয়ন হয়েছে বলে জানালো প্রশাসন। শুক্রবার জেলা শাসক খুরশিদ আলি কাদরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার এক যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এদিন জেলায় গ্রাম পঞ্চায়েতে ৫৫টি এবং পঞ্চায়েত সমিতিতে ৩টি মনোনয়ন দাখিল হয়েছে। বড় ঘটনা তো দূরের কথা কোথাও ছোটখাটো কোনও ঘটনাও ঘটেনি। প্রতিটি ব্লকেই নমিনেশন সেন্টার কাজ করেছে।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এদিন সর্বদলীয় বৈঠকও করেছে প্রশাসন। ব্লক, মহকুমা ও জেলা স্তরে ওই বৈঠক হয়েছে। জেলাশাসক বলেছেন, নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত গাইডলাইন বৈঠকে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক দলগুলি থেকেও একাধিক অভিযোগ ও প্রস্তাব এসেছে। কিছু কিছু আমার এক্তিয়ারের বাইরে আছে। সেই বিষয়গুলি নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হবে।
উল্লেখ করা যেতে পারে, পশ্চিম মেদিনীপুর জেলায় এবার গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৩৮৮১টি। পঞ্চায়েত সমিতির আসন আছে ৬৩১টি। ৬০টি আসন আছে জেলা পরিষদের। এদিন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের মধ্যে কো- অর্ডিনেশন বৈঠকও হয়েছে। জেলাশাসক বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য সবরকমভাবেই প্রস্তুত আছেন তারা। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে যেখানে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন আছে সেখানে নিরাপত্তা বাড়ানো হবে। মনোনয়ন চলবে ১৫ তারিখ পর্যন্ত। ১৬ ও ১৭ তারিখ চলবে স্ক্রুটিনি। মনোনয়নপর্বে কোথাও যাতে কোনও গণ্ডগোল না হয় সেজন্য সজাগ আছে পুলিশ ও প্রশাসন।

