ধনকড়ের বিপক্ষে মার্গারেট আলভাকে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী করলেন বিরোধীরা

আমাদের ভারত, ১৭ জুলাই: উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করলো বিরোধীরা। জগদীপ ধনকড়ের বিরুদ্ধে মার্গারেট আলভাকে উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিরোধীরা।

উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে বসেছিল ১৭টি বিরোধী দল। তবে রবিবার সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল এবং আম আদমি পার্টি। শনিবারই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

রবিবার শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসে বিরোধী দলের নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউৎ, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি, আরজেডি সাংসদ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে এবং জয়রাম রমেশ সহ অন্যান্যরা। এই বৈঠকে উপ রাষ্ট্রপতি পদপ্রার্থীর ব্যাপারে আলোচনা করেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। তারপরই শরদ পাওয়ার ঘোষণা করেন মার্গারেট আলভার নাম।

এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির কোনো প্রতিনিধি। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণার পর শারাদ পাওয়ার বলেন, ১৭টি দলের সর্বসম্মতিতে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার তিনি মনোনয়ন দাখিল করবেন। তৃণমূল ও আম আদমি পার্টি প্রসঙ্গে পাওয়ার বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি কনফারেন্সে ব্যস্ত ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। আশাকরি উপরাষ্ট্রপতি নির্বাচনও আমাদের প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করবেন আরবিন্দ কেজরিওয়াল।”

একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন মার্গারেট আলভা। গোয়া, গুজরাট, রাজস্থান, উত্তরাখণ্ডের রাজ্যপাল ছিলেন তিনি। রাজ্যসভা এবং লোকসভার উভয় কক্ষেরই সাংসদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কেন্দ্র সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী হয়েছিলেন আলভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *