দুদিনের বৃষ্টিতেই ডুবে গিয়েছে অশোকনগরে ওএনজিসির তেল-গ্যাস প্রকল্প

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ আগস্ট: দু’দিনের ভারি বৃষ্টিতে জলমগ্ন তেলের খনি। উত্তর ২৪ পরগনার অশোকনগর, যেখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বহু বছর আগেই। দীর্ঘ কয়েক বছরের গবেষণার পর এই প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি কর্তৃপক্ষ। সেখানেই গড়ে উঠছে ওএনজিসি’র এই প্রকল্প। কিছুদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী পরিদর্শনেও এসেছিলেন। সেই মত দুই-তিন বছর ধরে চলছে সেই প্রকল্পের কাজ। এক কথায় পশ্চিমবঙ্গের গর্ব বলেই অ্যাখ্যা পেয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগর। ভারতবর্ষের মানচিত্রে খনিজ তেলের ভান্ডার হিসেবে জায়গা করে নিয়েছে এই অশোকনগর। সেই মতো তেল উৎপাদনের কাজও চলছে লাগাতার। তবে গত দুই দিনের ভারী বর্ষণে চিত্রটা অনেকটাই পাল্টে গিয়েছে অশোকনগর ওএনজিসি প্রকল্পের।

দেখলে মনে হবে নদী। চারিদিকে শুধুই জল আর জল। ভেসে গিয়েছে চাষের জমি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা। পাশেই বিদ্যাধরী খাল। টানা বৃষ্টিতে বেড়ে গিয়েছে খালের জল। আর তাতেই ওএনজিসি প্রকল্প এলাকায় ঢুকে গিয়েছে জল। চাষের জমি থেকে প্রায় দু তিন হাত উপরে জমেছে জল। যার ফলে এলাকার বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে জলের স্রোতে। এলাকার মানুষজনও অবাক এই বর্ষণে এতটা জল জমায়। প্রকল্পের সামনে জাল ফেলে মাছ ধরতে ভিড় করেছে এলাকার মানুষজন। সমস্যায় পড়েছে ওএনজিসি প্রকল্পের কর্মীরাও। হাঁটু সমান জল নিয়ে প্রকল্প এলাকায় কর্মরত কর্মচারীদের আনাগোনায় সমস্যা তৈরি হয়েছে। ফলে ভেলা বানিয়ে তাতে চেপেই পারাপার হতে হচ্ছে কর্মীদের। এলাকাবাসীদের মতে আমফানের সময় এমন জলমগ্ন হয় ঠিকই তবে অনেকটাই কম পরিমাণে। কিন্তু এবারের টানা বৃষ্টিতে এতটাই জলমগ্ন হয়ে গিয়েছে এলাকা যার ফলে আশেপাশের এলাকাবাসীদের পড়তে হয়েছে সমস্যায়। তাদের মতে, যে অবস্থায় রয়েছে তাতে মনে করা হচ্ছে এখনও বাড়বে জল। কারণ, এলাকার জল বিদ্যাধরী খালের মাধ্যমে বার করা হয় কিন্তু যেহেতু খালের জল বেড়ে গিয়েছে তাই জল নামতে এখনও সময় লাগবে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। কবে এই জলের সমস্যা মিটবে তারই অপেক্ষায় দিন গুনছে এলাকাবাসী থেকে শুরু করে ওএনজিসি প্রকল্পের কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *