আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: তমলুকে নতুন পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল ভার্চুয়াল মাধ্যমে। উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি শেখর বি সরাফ। এছাড়াও আসানসোল থেকে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক। ভার্চুয়াল মাধ্যমে তিনটি জায়গা থেকেই অনুষ্ঠান করে তমলুকের নতুন আদালত ভবনের উদ্বোধন করা হয়। হাইকোর্ট আসানসোল এবং তমলুক এই তিনটি জায়গাতেই ভিডিও কলিংয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। তমলুকের নতুন আদালত ভবনের গেটের সামনে একটি ছোট অনুষ্ঠান করে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তমলুকের অনুষ্ঠানে জেলা জজ গোপাল চন্দ্র কর্মকার অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন। স্বাগত ভাষণের পর প্রদীপ জ্বালিয়ে এবং ফলক উন্মোচন করে ও ফিতে কেটে নতুন আদালত ভবনের উদ্বোধন করেন জেলা জজ। এই ছয় তলা ভবনে জেলা ও মহকুমার সমস্ত আদালতের কাজ একই ছাদের তলায় হবে। আজ থেকে উদ্বোধনের পর এই নতুন ভবনের বিচার ব্যবস্থা চালু হল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন শেষ হয়। এরপরে এই আদালতের কাছে পারিবারিক আদালতের নতুন ভবনের ফিতে কেটে উদ্বোধন হয়। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা জজ গোপাল চন্দ্র কর্মকার। খুব তাড়াতাড়ি এইখানে আদালতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা জজ। পারিবারিক আদালতে মূলত বিবাহ বিচ্ছেদের মামলাগুলি হবে বলে জানিয়েছেন তিনি।

