আমাদের ভারত, ৪ নভেম্বর: ভয়াবহ আকার নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য দপ্তরের একাংশের কর্তারা মনে করছেন এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড গড়েছে। সরকারি হিসাব অনুযায়ী এই বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার।
সরকারিভাবে রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৭ জন। তবে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বেসরকারিভাবে মৃতের সংখ্যা ৫০ ছাড়ালেও, সরকারিভাবে এ বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা জানানো হয়নি এখনো। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে ডেথ অডিট চলছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন। এই মুহূর্তে রাজ্যের ডেঙ্গি আক্রমণের হারও উদ্বেগ জনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ।
আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা কলকাতা সহ তিন জেলায়। এর মধ্যে পরিস্থিতি সবথেকে খারাপ উত্তর ২৪ পরগনায়। সেখানে কত এক সপ্তাহের ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন। এরপরই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ৬৮১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদ নদিয়া বসিরহাট ডায়মন্ড হারবার আলিপুরদুয়ার এবং পূর্ব মেদনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমনের হার দ্রুত বাড়ছে। গোটা রাজ্যে কলকাতাতে ডেঙ্গি সংক্রমনের হার সবথেকে বেশি। এরপরে রয়েছে জলপাইগুড়ি এবং হুগলি জেলা। কলকাতা পৌরসভা এলাকার ১৩ নম্বর বোরোর পরিস্থিতি সবচেয়ে খারাপ। এই বোরোতে এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১২৮ জন।

