পুরুলিয়া শহরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছেই, উদ্বেগে স্বাস্থ্য দফতর

সাথী দাস, পুরুলিয়া, ১৫ সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার মতো এবার পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়াতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৯ ছাড়িয়ে গেল। পুরুলিয়া শহরে সেই সংখ্যা আজ দুটি বেড়ে দাঁড়াল ১৯। যা নিয়ে পুজোর আগে যথেষ্টই ভাবাচ্ছে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর তথা জেলা প্রশাসনকে। পুরুলিয়া শহরে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানায় স্বাস্থ্য দফতর।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কুণাল কান্তি দে বলেন, “এখনও পর্যন্ত এ জেলায় ৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। ডেঙ্গু প্রতিরোধে তৎপর জেলা স্বাস্থ্য দফতর। ডেঙ্গু রোধে পুর এলাকা সহ গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে। কোথাও ডেঙ্গির লার্ভা মিললে তা নষ্ট করে ফেলা হচ্ছে। সমীক্ষা দল মারফত জন সাধারণকে সচেতন করা হচ্ছে যাতে বাড়িতে বা আশপাশে কেউ জমা জল না রাখেন। এছাড়া প্রত্যেকেই যেন মশারি ব্যবহার করেন। এ নিয়ে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *