সাথী দাস, পুরুলিয়া, ১৪ এপ্রিল: করোনা সচেতনতায় ফের মাস্ক না পরা পথচারীদের সচেতন করতে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে একটি অভিযান চালান জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়। ছিলেন জেলার কোভিড মোকাবিলার বিশেষ দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) আকাঙ্খা ভাস্কর ও অন্যান্য আধিকারিকরা। পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে মাইকে জন সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক ডা: মৃগাঙ্ক মাহাতো। তিনি জানান, শহরের বিভিন্ন শৈব ক্ষেত্র ও মন্দিরে মাস্ক বিতরণ করা হবে।

আজ থেকে জেলার সমস্ত সরকারি টিকা কেন্দ্রে কোভিড টিকার প্রথম ডোজ বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, টিকার সাপ্লাই-এ ঘাটতি। অনেকে টিকা নিতে গিয়ে ফিরে আসছেন। প্রশাসনিকভাবে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত ৪৫ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের, তাঁদের টিকাকরণ করানোর ওপর জোর দেওয়া হয়েছে। অথচ ১৪ এপ্রিলের মধ্যেই বন্ধ হয়ে গেল সরকারি টিকাকরণ কর্মসূচির প্রথম ডোজ।

জানা গিয়েছে, আপাতত দ্বিতীয় ডোজের টিকাকরণ চলবে। আবার কবে থেকে ভ্যাকসিন স্টক পর্যাপ্ত পাওয়া যাবে, সে বিষয়ে সঠিক তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে। তবে মে মাসের ৯ তারিখ থেকে টিকার প্রথম ডোজ আবার শুরু হতে পারে বলে খবর।

