আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুলাই: চলতি মাসে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেল। মঙ্গলবার শহরে আক্রান্তের সংখ্যা ছিল ২১জন, বুধবার নতুন করে আবারও ২১ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন দাবি জেলা স্বাস্থ্য দফতরের। মোট আক্রান্ত বেড়ে হল ১০৯ জন। বেশিরভাগ রোগী বাড়িতে হোম আইসোলেশনে আছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। সংক্রমণ ঊর্ধ্বমুখী হতেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর ও পুর কর্তৃপক্ষ।
সময় যত যাচ্ছে জলপাইগুড়ি পুর এলাকায় সংক্রমণের সংখ্যা তত বাড়ছে। এরপরেও শহরবাসীর মধ্য মাস্ক ব্যবহারের একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এ দিনও বাজারে ও শহরের রাস্তাঘাটে মাস্ক ছাড়া যাতায়াত করতে দেখা গেল বেশিরভাগ বাসিন্দাদের। অন্যদিকে ব্যবসায়ীদের বড় অংশ মাস্ক ব্যবহার করছেন না। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে মাসের শেষের দিকে আয়ত্ত্বের বাইরে চলে যেতে পারে করোনা বলে অনুমান করা হচ্ছে।

এদিকে করোনা পরীক্ষা করানোর জন্য অনেকে ওষুধের দোকান থেকে কিট কিনে পরীক্ষা করাচ্ছেন। কিটে কারা পজিটিভ হচ্ছে, কারা নেগেটিভ হচ্ছে সেই তথ্য পুর কর্তৃপক্ষ পাচ্ছে না। এর জেরে অনেক আক্রান্তকে চিহ্নিত করা যাচ্ছে না বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা শহরবাসীকে সচেতন থাকার জন্য মাইকিং করে প্রচার চালিয়ে যাচ্ছিল। আমাদের অনুরোধ যারা কিটে পরীক্ষা করে করোনা পজিটিভ হচ্ছেন তারা অন লাইনে সেই তথ্য তুলে ধরুন। ওষুধের ব্যবসায়ীদের বিষয়টি নজরে রাখার পরামর্শ দিলেন তিনি।”

