রাজ্যে আরও একজন কমে গেল বিজেপি বিধায়কের সংখ্যা, তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ আগস্ট: তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হল। অবশেষে তৃণমূলে যোগদান করলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। তাঁর সঙ্গে যোগদান করলেন বনগাঁ পুরসভার একাধিক প্রাক্তন বিজেপি কাউন্সিলর এবং বনগাঁ ব্লকের একাধিক বিজেপি নেতা ও কর্মী। মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরানী সরকার। দলের মহাসচিব বিশ্বজিৎ দাস অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে যোগদান করান।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটের পর দলীয় কোন্দলের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বনগাঁ উত্তর বিধানসভার তৎকালীন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তর বিধানসভার দু-দুবারের তৃণমূল বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় এক নেতৃত্বের সঙ্গে বিশ্বজিৎবাবুর সংঘাত চলছিল। দলের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বারংবার তার সমস্যার কথা জানালেও দল কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি তৃণমূল ছেড়েছেন বলেও জানিয়েছিলেন বিশ্বজিৎ বাবু। এরপর তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। সেই সময় বনগাঁয় এক বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি তখন জানিয়েছিলেন। এরই মধ্যে চলে আসে বিধানসভা নির্বাচন। বিজেপির পক্ষ থেকে তাঁকে বাগদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়। ২০২১ বিধানসভা ভোটের আগে শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। ঠাকুরনগরে অমিত শাহের সভায় বিশ্বজিৎবাবুর প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া। পরে শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে সভামঞ্চে উপস্থিত হতে পারেন বিশ্বজিৎ বাবু। ২০২১ বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎবাবু বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করতে চেয়েছিলেন। তবে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে না পারায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপির বিরুদ্ধে।

সাফল্যের সঙ্গে তিনি সেই কেন্দ্র থেকে জয়ী হন। বনগাঁর রাজনীতিতে এরপর অনেক জল গড়িয়েছে। বদল হয়েছে অনেক রাজনৈতিক পরিস্থিতির। আর তাই তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিশ্বজিৎ দাস। বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি দলের সঙ্গে তাঁর রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়। দলের কোনও কর্মসূচিতেই অংশ নিতে দেখা যায়নি বিশ্বজিত বাবুকে। এমন পরিস্থিতিতে তাঁর দল পরিবর্তনের সম্ভাবনা আরও দৃঢ় হয়।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই আলোচনা শুরু হয় যে, আজই বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। যদিও এব্যাপারে এদিন সকালে সাংবাদিকদের কাছে কোনও মন্তব্য করেননি বিশ্বজিৎ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *