পরিবহন কর্মীদের কোভিড টীকাকরণের দাবি উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ মে:
পরিবহন কর্মীদের গণ কোভিড টীকাকরণের দাবি তুলল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাস কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন যাত্রীদের নিয়ে চলাফেরা করেন। বাসগুলিতে সেভাবে সামাজিক দূরত্ব বিধিও মেনে চলা সম্ভব হয় না। আর সেকারণেই গণপরিবহন কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই তাদের কোভিড টীকাকরণের দাবি তুলেছেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিকপক্ষ। আগামীকাল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলাশাসকের কাছে টীকাকরণের আবেদন জানাবেন বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক।

প্রতিদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে শয়ে শয়ে বাস মিনিবাস ও অন্যান্য যানবাহন যাত্রী পরিষেবার জন্য কালুরঘাট, মালদা ও শিলিগুড়ি যাতায়াত করে। এই যাত্রী পরিষেবার সাথে যুক্ত থাকেন জেলার কয়েকশো পরিবহন কর্মী। বাস চালক থেকে কন্ডাকটর, খালাসি কিংবা বাসকর্মী ও মালিকরা সরাসরি এই যাত্রী পরিষেবার সাথে যুক্ত থাকেন। এদের সাথে জেলা ও ভিন জেলার মানুষের প্রতিদিনই পরিষেবার কারণে সংস্পর্শে আসতে হয়। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায় পরিবহন কর্মীদের মধ্যে। এবার করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে এরাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতে আছড়ে পড়েছে তাতে যেকোনও মুহুর্তেই বাস সহ অন্যান্য গণপরিবহন কর্মীরা করোনা রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। সেকারণেই বাস কর্মী থেকে অন্যান্য গণপরিবহন কর্মীদের খুব দ্রুত কোভিড টীকাকরণের প্রয়োজন। সোমবার সেই দাবিই তুললেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক বলেন, এতদিন কোভিড টীকার জেলায় ঘাটতি থাকায় আমরা আবেদন করিনি। কিন্তু এইসব বাস কর্মীদের অবিলম্বে কোভিড টীকাকরণের প্রয়োজন। তাই আগামীকাল আমরা উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ মীনার কাছে জেলার সমস্ত বাস কর্মীদের টীকাকরণের জন্য আবেদন জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *