কলকাতা হাইকোর্টের আদেশে গৃহীত হল জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন পত্র

সাথী দাস, পুরুলিয়া, ১১ মার্চ: কলকাতা হাইকোর্টের আদেশে জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র গৃহীত হল। গতকাল স্ক্রুটনির পর তাঁর মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। তথ্য ভুল থাকার কারণে তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে স্বস্তি পায় তৃণমূল।

ত্রুটিপূর্ণ হলফনামা। কার্যত সেই কারণে নির্বাচন কমিশন স্ক্রুটনিতেই বাতিল করেছিল তৃণমূলের পদ প্রার্থীকে। ২৪১ নম্বর জয়পুর বিধানসভার নির্বাচনের মনোনয়নের শেষ দিন ছিল ৯ মার্চ। দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী তৃণমূল পদ প্রার্থী উজ্জ্বল কুমারের হলফনামাতে পাওয়া যায় ত্রুটি। তাঁকে সেই ত্রুটি শোধরানোর সময় দেওয়া হয়। তাতেও সামান্য কিছু ত্রুটি থেকে যায় বলে জানা যায়। আর সেই কারণে বুধবার স্ক্রুটনির দিন তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাতারাতি কলকাতা
হাইকোর্টে যায় তৃণমূল কংগ্রেসের ওই প্রার্থী।

আজ হাইকোর্টের বিচারপতি উজ্জ্বলের মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্ত খারিজ করে নির্বাচন কমিশনকে তা গ্রহণ করার পরামর্শ দেন। এই কথা জানিয়ে তৃণমূল জেলা মুখপাত্র নবেন্দু মাহালি বলেন, “উজ্জ্বলের হলফনামায় সামান্য ত্রুটিকে ইস্যু করে তাঁর মনোনয়ন পত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। আজ উচ্চ আদালতের নির্দেশ আমাদের স্বস্তি দিল। উজ্জ্বলের মনোনয়ন পত্র গৃহীত হয়। তিনি জয়পুর কেন্দ্রে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *