মিলল ছাড়পত্র! ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো চলাচল

রাজেন রায়, কলকাতা, ১১ ফেব্রুয়ারি: অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সিআরএস শৈলেশকুমার পাঠক সমস্ত কিছু খতিয়ে দেখে তারপর দিল্লি ফিরে যান। অবশেষে বুধবার রাতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে ই-মেইল করে ছাড়পত্রের বিষয়টি জানানো হয়‌।
সূত্রের খবর, সম্ভবত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হতে পারে নয়া লাইনে এই পরিষেবার। দক্ষিণেশ্বর এবং বরানগরের দুটি স্টেশন একসঙ্গে চালু করা হবে।

তবে কয়েকটি বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয়েছে। প্ল্যাটফর্মে কিছু বিষয়ে পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ছ’মাসের মধ্যে ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম কার্যকর করে ফেলতে হবে। আগামী তিন মাসের মধ্যে ‘ডেটা লগার’ বসানোর কাজও শেষ করতে হবে। দক্ষ চালকের হাতে এই লাইনে ট্রেন চালাতে দিতে হবে। ট্রেনের গতি ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত তোলা যাবে। তৃতীয় লাইনের বিদ্যুৎ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেন টাইমিং ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, প্রবেশ এবং প্রস্থানপথ বিশেষ নজর রাখতে হবে।

রেল বাজেটে নোয়াপাড়া-বারাসত বা জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের বরাদ্দ টাকা বাড়ানো হলেও দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষের পথে থাকায় ওই প্রকল্পে মাত্র ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই লাইনে প্রথম ট্রায়াল রান হয় ২০২০ সালে ২৩ ডিসেম্বর। অবশেষে সব বাধা কাটিয়ে চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। আর এই মেট্রো চালু হলেই এবার মেট্রো লাইনে জুড়ে যাবে শহরের দুই কালী তীর্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *