সাথী দাস, পুরুলিয়া, ১৬ ডিসেম্বর: আজকের দিনে ২০১০ সালে পুরুলিয়ার বাগবিন্ধা গ্রামে এক মহিলাসহ ৭ জনকে বাড়ি থেকে টেনে বের করে খুন করেছিল মাওবাদীরা। ঝালদা-দরদা গ্রাম পঞ্চায়েত প্রধান চপলা গড়াইত সহ ফরওয়ার্ড ব্লকের ৬ জন ও কংগ্রেসের ১জনকে গুলি করে হত্যা করেছিলেন মাওবাদীরা। ওই ঘটনার পর থেকে গ্রামছাড়া হয়ে ছিলেন নিহতের পরিবার পরিজনরা। এখন মাও আতংক নেই ঠিকই কিন্তু শীতের রাতে আতংক গ্রাস করে রাখে গ্রামের বাসিন্দাদের।
নিহত গোবর্ধন সিং, তপন সিং সর্দার, কিঙ্কর সিং, অর্জুন সিং মুড়া, চপলা গড়াইত, অনন্ত মাহাতো ও গোপেশ্বর মাহাতোদের স্মৃতিতে ফরওয়ার্ড ব্লক বাঘবিন্ধা গ্রামে স্মরণ সভা করল। সভায় নিহতদের ছবি থাকা ফ্লেক্স রেখে পরিবারের প্রতিনিধিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিল ফরওয়ার্ড ব্লক। সেখানে স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতা দেবরঞ্জন মাহাতো বলেন, “রাজনৈতিক কারনে মাওবাদীদের হাতে আমাদের কর্মীরা খুন হন। নিহত পরিবারের পাশে আমরা আছি। আগামী দিনে নিহতদের মূর্তি উন্মোচন করা হবে গ্রামেই।”

গ্রামে এখনও কয়েকটি পরিবার ঘরছাড়া। তারা আর ফেরেননি।
নিহত পরিবারের তারাপদ সিং ও বিশ্বনাথ সিং মুড়া বলেন, “আজকের দিনটি খুব আতঙ্কের দিন। খুব খারাপ লাগে। যদিও এখন আমরা ঠিক আছি। এখন শান্তিতে বসবাস করতে চাই। দল ও রাজ্য সরকারের সহযোগিতা রয়েছে।”

