আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ নভেম্বর: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত নমিত সিংয়ের ঘরে তল্লাশির জন্য শুক্রবার সন্ধেয় এনআইয়ের
একটি তদন্তকারী দল আসে। ব্যারাকপুরের সংসদ তথা রাজ্য বিজেপি সহ-সভাপতি অর্জুন সিংয়ের বাড়িতে কয়েক মাস আগে বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতা নমিত সিং’কে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর এনআইএ সেই ঘটনার তদন্ত ভার নেয় ও সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্ত চালায়। এবার ভাটপাড়া মজদুর ভবনের থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা নমিত সিংয়ের বাড়িতে তল্লাশি চালালো এনআইএ।
অভিযুক্ত নমিত সিং সম্পর্কে তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের ভাইপো। সাংসদের বাড়িতে বোমা বাজির ঘটনায় ইতিমধ্যেই নমিত সিং গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে।
এদিন মোট ১২ সদস্যের এনআইএ’র এক প্রতিনিধি দল আসে এবং নমিত সিংয়ের বাড়িতে তল্লাশি শুরু করে। যদিও কিছুই পায়নি বলে জানা গিয়েছে।
এই বিষয়ে বলতে গিয়ে নমিত সিংয়ের কাকা তৃণমূল নেতা সঞ্জয় সিং জানান, “নমিত সিং আমার ভাইপো হয় কিন্তু আমাদের একটাই বাড়ি কিন্তু ওর ঘর আলাদা। এনআইএ তদন্তকারী দল এসেছে। কিন্তু আগে তদন্তের জন্য কোনও নোটিশ দেওয়া হয়েছে কি না তা আমার জানা নেই।

