শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ১৪ এপ্রিল: তপ্ত বাংলায় এসে ২৪ এর টার্গেট নির্দিষ্ট করে দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিউড়ির সভা থেকে আহ্বান জানালেন ২৪ এর লোকসভায় মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে বাংলা ৩৫ এর বেশি আসন দিক, তাহলে ২৫ এর আগেই গড় গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনিই পড়ে যাবে।
চৈত্র সংক্রান্তির দিন অনুব্রতহীন বীরভূমে সভা করতে এসে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন অমিত শাহ। প্রথম থেকেই তাঁর লক্ষ্য নির্দিষ্ট ছিল। ২৪ এর লোকসভা নির্বাচনে মোদী সরকার গঠনে বাংলাকে যে বিজেপি এবার পাখির চোখ করেছে তা স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের বক্তব্যের স্পষ্ট।
সিউড়ি জনসভায় অমিত শাহের মুখে বগটুই প্রসঙ্গ উঠে আসে। তিনি হাতজোড় করে বগটুই হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানান এদিনের সভা থেকে। প্রণাম জানান চন্ডীদাস, জয়দেব, বাউল সহ বীরভূমের লোকশিল্পীদের।
যখন দণ্ডি কাটানো কান্ডে রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন অমিত শাহ মনে করিয়ে দেন দেশে প্রথম আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করার কাজ মোদীজি করেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে আদিবাসী সম্প্রদায়কে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, তাদের প্রতি বিজেপি সরকার কিন্তু দায়িত্ব পালন করছে, উন্নয়ন করছে।
এদিনের সভা থেকে অমিত শাহ, সুকান্ত ও শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন তৃণমূলের দাদাগিরি ও সন্ত্রাসের বিরুদ্ধে সুকান্ত-শুভেন্দুর লাগাতার লড়ছেন।
তবে আজকের সভার সবচেয়ে বড় বিষয় হলো অমিত শাহ লোকসভায় আসনের টার্গেট নির্দিষ্ট করে দিয়ে গেলেন। “৩৫এর বেশি সিট দিয়ে ২০২৪ এ মোদীকে ফের প্রধানমন্ত্রী করুন”- এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সিউড়ির সভা থেকে। অমিত শাহবলেন, বিধানসভায় বিজেপিকে ৭৭ আসনে জিতিয়ে মানুষ দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। তাই এবার বাংলার মানুষ যদি ৩৫ এর বেশি আসন দেন বিজেপিকে ২৪শে, তাহলে ২৫ এর আর প্রয়োজন হবে না, তার আগেই গড় গড় করে পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাঁর কথায় দিদি ভাইপোর জুটিকে হারানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে বিজেপিকে ভোট দিন।

এদিন তৃণমূলকংগ্রেসের তোষণ নীতির কারণে রামনবমীর মিছিলে হামলা হয়েছে হয়েছে বলেই আভিযোগ করেন অমিত শাহ। ভিড়ে ঠাসা সভায় তিনি বলেন, বাংলাকে সন্ত্রাস ও অনুপ্রবেশ মুক্ত করার রাস্তা একটাই, বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। তাঁর দাবি ২৪ এ বিজেপিকে ৩৫ টা সিট দিলে ২৫ এর আগেই মমতা সরকার পড়ে যাবে।
মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুন্নয়ন, দুর্নীতির ও পরিবারতন্ত্রের অভিযোগের সরব হন অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদির একমাত্র লক্ষ্য ওনার ভাইপোকে মুখ্যমন্ত্রী তৈরি করা, গরিব মানুষের সুরাহা করা নয়। তিনি অভিযোগের সুরে বলেন, দিদি তিন লাখ কর্মসংস্থানের কথা দিয়ে রাখেননি। বরং দুর্নীতিতে পর্যুদস্ত দিদির মন্ত্রিসভার মন্ত্রীরা। তিনি বলেন, চাকরি চুরি হচ্ছে, আর মোদীজি জেলে পাঠালেই বলছে অত্যাচার। যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তো জেলে পাঠাতেই হবে। ইডি দুটো ট্রাক ভর্তি করে টাকা নিয়ে গেছে, তাই বাংলাকে দুর্নীতিমুক্ত করার একটাই দাওয়াই, সেটা হলো বিজেপি।
শাহ আরও বলেন, কেন্দ্রীয় প্রকল্পে নিজের ছবি লাগাতেই ব্যস্ত মমতা। তিনি বলেন, মোদীজির পাঠানো চালে দিদি ছবি না লাগিয়ে পাঁচ কিলো চালের সাথে আরো পাঁচ কিলো চাল মানুষকে দিয়ে ছবি লাগিয়ে দিলে মানুষ খুশি হতেন।
সিউড়ির সভা থেকে অমিত শাহের হুঙ্কার, রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী ভাইপো নয়, ভারতীয় জনতা পার্টিরই হবে। আর তার ট্রেইলার ২০২৪-এ দেখাতে হবে। আবারও মোদীকেই প্রধানমন্ত্রী বানাতে হবে।

