ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরালেন ঘাটালের নব নির্বাচিত বিধায়ক

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৮ মে: ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরালেন ঘাটালের নব নির্বাচিত বিধায়ক। বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা ও সন্ত্রাসের ফলে বিজেপির প্রচুর কর্মী ঘরছাড়া হয়েছেন। সবক্ষেত্রেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ, ঘাটাল মহকুমাতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে বেশকিছু বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন। শুধু তাই নয় বহু বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে এমনকি মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। বিজেপি নেতৃত্বদের আরও অভিযোগ, সবক্ষেত্রেই প্রশাসনকে জানানো সত্ত্বেও সেই ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি কর্মীরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে বিজেপির কার্যালয়ে অনেক কর্মী আশ্রয় নিয়েছেন। করোনা পরিস্থিতিতে তারা এক জায়গায় আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। ওইসব বাড়ি ছাড়া কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন ঘাটালের বিজেপির নবনির্বাচিত বিধায়ক শীতল কপাট।

শীতল বাবু ১৮ মে মঙ্গলবার রাধানগর, গোপীনাথপুর, খড়ার, দন্দিপুর, পাথরা সহ বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে ঘরছাড়া বিজেপি কর্মীদের তাদের বাড়িতে ফেরান। তিনি কর্মীদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। তিনি ওইসব এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন, যাতে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *