স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ মার্চ: সাইকেলে যাচ্ছেন পুরসভায়। পথচলতি মানুষ দেখলেই দাঁড়িয়ে কথা বলছেন। সঙ্গে দেহরক্ষী তিনিও সাইকেল চালিয়ে পিছনে ছুটছে। এভাবেই রোজ যাচ্ছেন অফিসে। তিনি তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান উত্তমানন্দ দাস।
ছোট পৌরসভা তাই অগ্নিমূল্যের পেট্রোলের খরচ কিছুটা বাঁচিয়ে সাধারণ মানুষের যাতে কাজে লাগে সেই লক্ষ্যেই পৌরসভার গাড়ি ব্যবহার করছেন না। গোটা রাজ্যের মধ্যে একমাত্র তাহেরপুর পৌরসভা দখলে রেখেছে বামফ্রন্ট। পৌরপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস। এর আগেও তিনি কাউন্সিলর ছিলেন। কয়েক দিন হল চেয়ারম্যানের কাজ সামলানো শুরু করেছেন। বাড়ি থেকে আর পাঁচটা দিনের মতোই তিনি যেভাবে সাধারণ মানুষের মতো বের হতেন ঠিক তেমনি পৌরসভার গাড়ি ব্যবহার না করে সাইকেল নিয়ে দেহরক্ষীকে সঙ্গে নিয়ে পৌরসভায় আসছেন। বিভিন্ন জায়গায় ভিজিটে যাচ্ছেন সাইকেলে করেই।

তিনি বলেন, পেট্রোলের দাম যেভাবে অগ্নিমূল্য সেই কারণেই যদি পেট্রোল কিছুটা অপচয় বন্ধ করে সেই অর্থ সাধারণ মানুষের কাজে সেই লক্ষ্যেই আমি গাড়ি ব্যবহার করছি না। পৌরসভার চেয়ারম্যানের গাড়িচালক শংকর দাস বলেন, প্রথম দিন আমি নিজেকে তৈরি রেখেছিলাম নব নির্বাচিত চেয়ারম্যানকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য। কিন্তু তিনি আমাকে পরিষ্কারভাবেই না করে দেন। সাইকেলে করেই অফিসে আসবেন বলে জানিয়ে দেন তিনি।
যদিও তাহেরপুর শহর তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন, এটা সম্পূর্ণ লোকদেখানো। সবে তিনি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। পরবর্তীকালে স্পষ্ট বোঝা যাবে তিনি কোন উদ্দেশ্যে এই উদ্যোগ নিচ্ছেন আর কতদিন বা চালিয়ে যেতে পারেন।

