নতুন দল গড়লেন সিবিআইয়ের নজরে থাকা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৬ এপ্রিল: নতুন দল গড়লেন সিবিআইয়ের নজরে থাকা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। রবিবার বিকেলে নলহাটির কৃষ্ণপুর গ্রামে তাঁর ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে নতুন দলের আত্মপ্রকাশ করেন। নতুন দলের নাম দেওয়া হয় সারা ভারত আর্য মহাসভা।

দলের আত্মপ্রকাশের পর বিভাস চন্দ্র অধিকারী সাংবাদিকদের বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁর দল প্রতিদ্বন্দ্বীতা করবে। পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বীতা করলে কোন দলের ক্ষতি হবে বা কোন দলের লাভ হবে সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে দলের মূল লক্ষ্য হবে আর্য ভারত গঠন। মানুষকে সঠিক দিশা দিতে দল কাজ করে যাবে”।

বিভাসবাবু জানান, আমরা কয়েক দিনের মধ্যে বীরভূম জেলায় একটা সভা করবো। এরপর কলকাতার বুকে সভা করা হবে। শনিবার নিয়োগ দুর্নীতি নিয়ে বিভাসবাবুর আশ্রম এবং বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তার পরেও এদিনের নতুন দল গঠনের অনুষ্ঠানে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি ছিল নজর কাড়া। যাদের অধিকাংশই তৃণমূল কর্মী সমর্থক।

তবে লাভ ক্ষতি ভাবতে চান না দলের সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। তিনি বলেন, “আমাদের দলে যে কেউ আসতে পারে। আমরা কোনো সম্প্রদায় নিয়ে দল কোরি না। ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছিলেন আর্য মহাসভা নামে দল গঠন হোক। যে দলের কাজ হবে মানুষকে সঠিক দিশা দেখানো। আমরা ঠাকুরের সেই ইচ্ছাকে সম্মান দিয়ে এগিয়ে যাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *