আমাদের ভারত, হাওড়া, ১৪ ডিসেম্বর: উলুবেড়িয়া ২ নং ব্লকের বাণীবন গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের শরিফা বেগম। মঙ্গলবার পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচনে ১৫- ৯ ব্যবধানে বিজেপির প্রধান মিঠু অধিকারীকে পরাজিত করে নতুন প্রধান নির্বাচিত হন শরিফা বেগম। এদিন এই প্রধান নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। এদিন নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। সবুজ আবিরে একে অপরকে রাঙানো ছাড়াও চলে মিষ্টি মুখ।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসন বিশিষ্ট বাণীবন গ্রাম পঞ্চায়েতে বিজেপি পায় ১৩ টি আসন। তৃণমূল পায় ১০ টি এবং ফরওয়ার্ড ব্লক পায় ১টি আসন। বিজেপির মিঠু অধিকারী পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন। যদিও এই বছরের প্রথম দিকে বিজেপির ৪ এবং ফরওয়ার্ড ব্লকের ১ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫। আর এরপরেই গত আগস্ট মাসে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস সদস্যরা। যদিও বিজেপি আদালতের দ্বারস্থ হয় এবং অনাস্থা স্থগিত হয়ে যায়। পরে ১২ নভেম্বর পুনরায় তৃণমূল কংগ্রেস সদস্যরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। ৩০ নভেম্বর তৃণমূলের আনা অনাস্থায় বিজেপি পরাস্থ হয়। আর মঙ্গলবার ছিল নতুন প্রধান নির্বাচনের ভোটাভুটি। আর এই ভোটাভুটিতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী শরিফা বেগম জয়লাভ করে।

অন্যদিকে শরিফা বেগম নতুন প্রধান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। তিনি জানান, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ।

