করোনার টিকা কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ফারাক রাখা নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের

আমাদের ভারত, ২৩ মার্চ:
গত ১৬ জানুয়ারি থেকে করোনার টিকাকরন শুরু হয়েছে। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত টিকাগুলির দুটি ডোজের মধ্যে চার সপ্তাহ অর্থাৎ ২৮ দিনের তফাৎ রাখা হচ্ছিল। কিন্তু ভালো ফল পেতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ৮ সপ্তাহের তফাৎ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই রাজ্যগুলিকে এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে।

রাজ্যগুলিকে কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা করে যে ফল পাওয়া গেছে সেই অনুযায়ী কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে তফাৎ ৮ সপ্তাহ হলে ফল আরো ভালো পাওয়া যাবে। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমুনাইজেশন ও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের সম্মতি পাওয়ার পরই এই নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে দুটি ডোজের মধ্যে যেন ৮ সপ্তাহের বেশি তফাৎ না রাখা হয়। অর্থাৎ প্রথম ডোজের ৫৬ দিনের আশেপাশের দ্বিতীয় ডোজ নিলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে।

এখনো পর্যন্ত ৪ কোটি ৫০ লক্ষ ৬৫ হাজার ৯৯৮ জনকে টিকা দেওয়া হয়েছে। ফ্রন্টলাইনার কর্মী ছাড়াও এই মুহূর্তে ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে যাদের কো-মর্বিডিটি রয়েছে তাদের টিকা দেওয়ার কাজ চলছে। অন্যদিকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ফের বাড়বাড়ন্ত করোনার। বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তাই টিকাকরণের উপরে জোর দিতে চাইছে কেন্দ্র সরকার। তবে এই নির্দেশিকা শুধুমাত্র কোভিশিল্ড টিকার ক্ষেত্রেই দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *