নতুন মুখই ভরসা তৃণমূলের! পঞ্চায়েত ভোটের আগে জয়হিন্দ বাহিনীর দায়িত্ব বন্টন বালুরঘাট মহকুমায়

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ২০ ডিসেম্বর: পঞ্চায়েত ভোটের আগে ব্লকে ব্লকে সংগঠন শক্তিশালী করতে এবারে মাঠে নামল তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনী। মঙ্গলবার বালুরঘাটের একটি বেসরকারি অডিটোরিয়াম গুলমোহরে বিশেষ সভার মাধ্যমে বালুরঘাট, হিলি এবং কুমারগঞ্জের সভাপতি, কার্যকরী সভাপতি এবং সহ সভাপতিদের নাম চুড়ান্ত করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে নব নিযুক্তদের হাতে সংগঠনের দায়িত্বভারও। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন জয় হিন্দ বাহিনীর জেলা নেতৃত্বরা।

দলীয় সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের জয়হিন্দ বাহিনীর বালুরঘাট ব্লকের সভাপতি নিযুক্ত হয়েছেন মলয় মন্ডল, কার্যকরী সভাপতি সজল ঘোষ এবং তিনজন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। বালুরঘাট টাউনে সভাপতি করা হয়েছে কল্যাণ সরকারকে। তন্ময় বসাক ও সুদীপ্তা সরকারকে যুগ্মভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কার্যকরী সভাপতির। একই ভাবে হিলি ব্লকে সভাপতির দায়িত্ব পেয়েছেন মাসুদ মন্ডল, কুমারগঞ্জে সভাপতি হিসাবে দায়িত্বে আনা হয়েছে নূর আলম মন্ডলকে। প্রতিটি ব্লকেই সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এমন পদ বন্টন করা হয়েছে বলে দলীয় সুত্রের খবর। জয়হিন্দ বাহিনীর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রাজনারায়ণ সাহাচৌধুরী, কার্যকরী সভাপতি বিমান দাস সহ অনান্য নেতৃত্বরা।

সংগঠনের তরফে রাজনারায়ণ সাহাচৌধুরী ও বিমান দাস জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাজুড়ে সংগঠন সাজাতে তারা বদ্ধপরিকর। এদিন বালুরঘাট মহকুমার দায়িত্ব বন্টন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে গঙ্গারামপুর মহকুমারও দায়িত্বও বন্টন করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *