ডালখোলা পুরসভার নতুন বোর্ড গঠন, প্রশাসনিক ভাবে দায়িত্বভার নিলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ মার্চ: প্রশাসনিক নিয়ম রীতি মেনে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভার নতুন বোর্ড গঠন হল সোমবার। এদিন পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান মহম্মদ ফিরোজ আলম প্রশাসনিক ভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন। নতুন পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে এদিন ডালখোলা পুর এলাকায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রশাসনিক কর্মকাণ্ডকে ঘিরে এদিন আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল গ্রহণ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।এদিন বেলা ১২টা নাগাদ নতুন বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত পুরসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার চারটি পুরসভার মধ্যে তিনটি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটি পুরসভাতেই প্রথম বারের জন্য তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার মধ্যে ইসলামপুর পুরসভায় ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। ডালখোলা পুরসভার চেয়ারম্যান হয়েছেন স্বদেশ সরকার এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন মহম্মদ ফিরোজ আলম। কালিয়াগঞ্জের চেয়ারম্যান হয়েছেন রামনিবাস সাহা। কানাইয়ালাল আগরওয়াল এর আগে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পরপর চারবার ইসলামপুর পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন। এবারই প্রথম তিনি তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে চেয়ারম্যান হচ্ছেন।সরকারি নির্দেশ মেনে সোমবার অর্থাৎ ২১ মার্চ ডালখোলা নতুন বোর্ডে গঠন প্রক্রিয়া শুরু হল।

অন্যদিকে, ইসলামপুরে ২৩ মার্চ এবং কালিয়াগঞ্জে ২৫ মার্চ নতুন চেয়ারম্যানরা শপথ নেবেন এবং কাজ শুরু করবেন। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জেলার পুরসভাগুলিতে চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল।

উল্লেখ্য, ডালখোলা টাউন তৃণমূলের সভাপতি স্বদেশ সরকার এই প্রথমবার ৮ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। নতুন মুখ হিসেবে প্রথমবার চেয়ারম্যান হলেন তিনি।
স্বদেশবাবু বলেছেন, দল দায়িত্ব দিয়েছে। জনগণের উন্নয়নে কাজ করে যাব। বোর্ড গঠনের পরেই দলের কাউন্সিলরের সঙ্গে আলোচনা করে উন্নয়নের রূপরেখা তৈরি করব। সকলকে পাশে নিয়ে ডালখোলাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *