পিসিকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে, ইটাহারে ধৃত অভিযুক্ত

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ডিসেম্বর: নিজের পিসিকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্লভপুর অঞ্চলের ভাগনইল গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম আসেরা বেওয়া (৬৫)।

জানা যায়, এদিন সকালে এলাকার বাসিন্দা আসেরা বেওয়া বাড়ির সামনে রাস্তার ধারে বসেছিলেন৷ সেই সময় তার ভাইপো নাসির আলি নিজের গাড়ি দিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত নাসির আলিকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

যদিও অভিযুক্ত ভাইপো জানান, গাড়ি ঘোরাতে গিয়ে এই ঘটনা ঘটে। এদিকে গণধোলাইয়ের জেরে গুরুতর আহত হওয়ার কারণে অভিযুক্তকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ইটাহার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *