জল অপচয় বন্ধে প্রচার শুরু করল নেহেরু যুব কেন্দ্র

আশিস মণ্ডল, রামপুরহাট, ২ অক্টোবর: জল অপচয় বন্ধ এবং বৃষ্টির জল ধরে রেখে প্রয়োজনীয় কাজে ব্যবহারের উপর জোর দিল কেন্দ্রীয় জলশক্তি এবং ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রণালয়। এই বিষয়ে সারা দেশের সঙ্গে চার মাস ধরে ব্যাপক প্রচার চালানো হবে বীরভূম জেলাতেও। এনিয়ে শনিবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভার সভা কক্ষে একটি সভার আয়োজন করেছিল বীরভূম জেলা নেহেরু যুব কল্যাণ দফতর। উপস্থতি ছিলেন জেলা যুব আধিকারিক রায়া দাস, স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সোমা পাঠক, সম্পাদক সাধন সিনহা।

রায়া দাস জানান, জেলার মধ্যে দুবরাজপুর, ইলামবাজার, মহম্মদ বাজার, সিউড়ি ১ ও ময়ূরেশ্বর ১ নম্বর ব্লককে বেছে নেওয়া হয়েছে। ওই ব্লকের ১০টি করে গ্রাম বেছে নিয়ে প্রচার চালানো হবে।

জেলা আধিকারিক বলেন, “আমরা নাটক, পুতুল নাচ, গানের মাধ্যমে জল অপচয় বন্ধ এবং বৃষ্টির জল সংরক্ষণ করে কীভাবে কাজে লাগানো যায় তার প্রচার চালাব। এখন থেকেই আমরা সচেতন না হলে একদিন দেশে জলের জন্য মানুষকে মরতে হবে। এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, পঞ্চায়েত, পুরসভার সাহায্য নেব। ছোট ছোট সেমিনার করে জল আমাদের কতটা প্রয়োজন তা বোঝাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *