পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুরমালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ রাজ্য সরকারের সিআরআই রিপোর্ট ও জাস্টিফিকেশন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে গত ১লা এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে “ঘাঘর ঘেরা” নামের অবরোধ কর্মসূচি।
‘কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ’ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো আগেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, গত ১লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যের জঙ্গলমহল এলাকা জুড়ে “ঘাঘর ঘেরা” নামে লাগাতার আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে।
এতদিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাস্তা অবরোধ চলেছে। আজ ৪ঠা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে। এরজন্য দক্ষিণ পূর্ব রেলের মুম্বাই এবং আদ্রা শাখার ট্রেন বাতিল করা হয়েছে। এরফলে জাতীয় সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠবে বলে আশঙ্কা রয়েছে।

