জাতীয় সড়কে গ্যাস লিক, কার্বন ডাই-অক্সাইডে ঢেকে গেল বর্ধমানের জাতীয় সড়ক

আমাদের ভারত, বর্ধমান, ৬ আগস্ট: বর্ধমান শহর সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কার্বন ডাই- অক্সাইডের ট্যাংকার লিক করায় কার্বন ডাই-অক্সাইড বাইরে বেরতে শুরু করে। চারিদিকে কার্বন ডাই-অক্সাইড ধোঁয়ার আকার চারিদিক ঢেকে দেয়। ঘটনার জেরে বর্ধমান শহরের তেলিপুকুর সংলগ্ন দু’নম্বর জাতীয় সড়কে থাকা মানুষজন আতঙ্কের মধ্যে পড়ে যান। পরিস্থিতি সামাল দেয় বর্ধমান থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নাগাদ কার্বনডাই অক্সাইড ভর্তি একটা গ্যাস ট্যাংকার উত্তর প্রদেশের লক্ষৌ থেকে কলকাতা যাচ্ছিল। বর্ধমান শহরের পূর্ত ভবন সংলগ্ন তেলিপুকুর এলাকায় দু’নম্বর জাতীয় সড়কে হঠাৎ করে গ্যাস লিক করে। ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড বাইরে বেরোতে শুরু করে। চারিদিকে ধোঁয়ার আকারে সেই গ্যাস বাইরে ছড়িয়ে পড়ে। গ্যাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে নিমেষে চারিদিক ঢেকে দেয়। সামনে থেকে কোনও জিনিস দেখা যাচ্ছিল না। চারিদিক শুধু সাদা আর সাদা। সেই সময় জাতীয় সড়কে থাকা গাড়ির চালকরা আতঙ্কের মধ্যে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন সেখানে যায়। দমকল ও পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় বাসিন্দা পাপন মিত্র বলেন, হঠাৎ করে গ্যাসের ট্যাঙ্কার লিক করায় প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বাইরে বেরতে থাকে। ফলে মানুষজন আতঙ্কের মধ্যে পড়ে যায়। দমকল ও পুলিশ সহযোগিতা করায় বড়ো কোনও দুর্ঘটনা ঘটেনি।

দমকল সূত্রে জানা গেছে, ওই ট্যাঙ্কার টিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাসে কেউ অসুস্থ হয়ে পড়েনি।

বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারটি লক্ষৌ থেকে কলকাতা যাচ্ছিল। তেলিপুকুর এলাকায় দু’নম্বর জাতীয় সড়কে গ্যাস লিক করে। সেই গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *