স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ আগস্ট:
“ইয়ে আজাদি ঝুটা হ্যায়”, স্বাধীনতার ৭৪ বছর পর বোধ হয় মার্কসবাদীদের কাছে বাদ পড়লো উক্তিটি। যদিও বিখ্যাত এই উক্তিটির সময় সিপিআইএম প্রতিষ্ঠিত হয়নি। ১৯৬৪ সালে সি পি আই থেকে সিপিআইএমের জন্ম। রবীন্দ্রনাথ, ইংরেজি শিক্ষা, কম্পিউটার, নানান বিষয়ের মত পরিবর্তিত হতে দেখা গেছে।
সম্প্রতি তিনদিনের কেন্দ্রীয় কমিটির এক ভার্চুয়াল সভায় বঙ্গ সিপিআইএমের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা তোলার প্রস্তাব দেওয়া হয় এবং প্রস্তাবটি পাশ করেন সুজন চক্রবর্তী। আর তাতেই সিলমোহর লাগিয়েছে কেন্দ্র কমিটি। তবে ঐতিহাসিক ভুল বলে ব্যাখ্যা করা হয়নি। নেতাদের রাজনৈতিক বয়স ৭২ বছর বেধে দিয়ে বর্তমানে নব প্রজন্মের হাতে সাংগঠনিক দায়িত্ব দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে জনসংযোগের মন দিচ্ছে সিপিআইএম। দলের একাংশ অবশ্য মনে করে অতীতেও নাস্তিকতা এবং অতি যুক্তিবাদী হওয়ার কারণে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বিরত থেকে আদতে মানুষের কাছ থেকে সরে গেছে দল।

নিন্দুকেরা বলছেন জাতীয়তাবাদ, দেশাত্মবোধকে পুঁজি করে যেভাবে বিজেপি এগোচ্ছে তার জবাব দিতেই নাকি স্বাধীনতার ৭৪ বছর বাদে ক্রমাগত জনসংযোগ হারানোর পর এই এই সিদ্ধান্ত।
বামফ্রন্টের অন্যান্য প্রধান শরিকদের মধ্যে সি পি আই নাকি প্রথম থেকেই জাতীয় পতাকা উত্তোলন করে আসছে! ফরওয়ার্ড ব্লক বরাবরই জাতীয় পতাকা তুলে অভ্যস্ত। তবে
আরসিপিআই এর পক্ষ থেকে জানানো হয় তাদের রাজ্য কমিটি এখনো সিদ্ধান্ত নেয়নি।
তবে গেরুয়া শিবির অবশ্য কটাক্ষ করে বলে, এরপর ক্ষমতায় আসার লোভে তৃণমূলের পতাকা উড়বে আলিমুদ্দিনে। তবে আজ সকাল থেকেই রাজ্যের আলিমুদ্দিন সহ জেলার বিভিন্ন পার্টি অফিসে লাল পতাকার সাথেই দেখা গেল তিরঙ্গা পতাকা উড়তে। এ বিষয়ে সিপিএম মুখ খুলতে রাজি নয়, তারা ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন কর্মসূচির কথাই ঘোষণা করছে।

