কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মার্চ:
মানুষের টাকা মেরে খাওয়া পার্টির নাম হল বিজেপি। ঘাটালের আনন্দপুরে তৃণমূলের ভোট প্রচারে এসে এক পথসভায় একথা বলেন রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের মুখপাত্র সুদীপ রাহা।

রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সাথে কৃষক বন্ধু প্রকল্পের কথা উল্লেখ করে সুদীপবাবু বলেন, এখন কৃষকরা বছরে ৬ হাজার টাকা পান। পরে এই টাকা বেড়ে ১০০০০ টাকা হবে।
উত্তরপ্রদেশে মণীষা বাল্মীকির ধর্ষণের কথা উল্লেখ করে সুদীপবাবু বলেন, বিজেপির মুখে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা নেই এই কথা মানায় না। পশ্চিমবঙ্গ এবং কলকাতা নারীদের জন্য যথেষ্ট সুরক্ষিত। বিজেপি সরকার বলেছিল প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেবে এবং বছরে ২ কোটি চাকরি দেবে।চাকরি হয়নি এবং ১৫ লক্ষ টাকাও দেয়া হয়নি। সুদীপবাবু আরও বলেন, প্রতিটি বুথে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু সহ মেদিনীপুরের ইতিহাস উল্লেখ করে বলেন, সিপিএমের সন্ত্রাসকে পরাস্ত করে পরিবর্তন এনেছেন আপনারা। এবারও ঠিক একইভাবে বিজেপিকে পরাস্ত করতে হবে।

ঘাটাল বিধানসভার বিধায়ক তথা এবারের প্রার্থী শঙ্কর দলুই বলেন, আমাদের কোনও ভুল হয়তো হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মানুষকে ৬৭টা প্রকল্পের মাধ্যমে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। একটি সন্তান প্রসব হওয়ার পর থেকে বৃদ্ধ পর্যন্ত সে এই সরকারি পরিষেবা পায়। শঙ্করবাবু জিএসটি, এনআরসি এবং কেন্দ্রীয় সরকারের নোট বন্দি সহ বিভিন্ন প্রসঙ্গে বিজেপির সমালোচনা করেন।

