স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার কুন্তল-যোগ উত্তর দিনাজপুর জেলায়? কুন্তল ঘোষকে জেরার পর ইডির পেশ করা চার্জশিটে নাম এলো শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার। আর এই নাম আসাতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতমবাবু। নিজের নামের তালিকাকে ভুয়ো বলে দাবি করেন তিনি।
কুন্তল ঘোষকে জেরা করে যে এজেন্টদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতমবাবুর। এমনই একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি বিজেপির তরফ থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ছে।কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।

অন্যদিকে ভাইরাল সেই লিস্টটি একেবারেই ভুয়ো বলে দাবি করলেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনো রকম নোটিশ আসেনি বলে জানান। আর কুন্তল ঘোষকে তিনি চেনেন না বলে জানান। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি তাকে ইডি তলব করে তবে তিনি ইডিকে সবরকম সাহায্য করবেন বলে জানান।

