মানসিক ভারসাম্যহীন মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ৫ অক্টোবর: মাঠের পাশে জমা করে রাখা বালির নীচ থেকে বছর ৫০ এর এক মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া কালিনগর ফারুক সাহেবের মোড়ে। মঙ্গলবার সকালের এই ঘটনায় স্থানীয় মানুষের দাবি, মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাদের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আগে কোনও দিন ওই মহিলাকে এলাকায় দেখা না গেলেও সোমবার বিকেল থেকে তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে রাতে রাস্তার পাশে একটি দোকানের সামনে শুয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মঙ্গলবার ভোরে মাঠে প্রাতঃভ্রমণ করার সময় এক ব্যক্তির নজরে আসে বালির তলা থেকে কারোও পা বেরিয়ে আছে। এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসে এবং পুলিশে খবর দেয়। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে মহিলা যে দোকানের সামনে শুয়ে ছিলেন তার উল্টোদিকে মদের বোতল পড়েছিল। তাদের অভিযোগ, দুষ্কৃতীরা মদ খাওয়ার পর ওই মহিলাকে জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। পরে বালি চাপা দিয়ে পালিয়ে গেছে।

ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান, পুলিশ তদন্ত করছে। মৃতদেহটির ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *